ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকার দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় বাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটের মধ্যে ফতুল্লা মডেল থানাধীন শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকার একটি বাসায় এই চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা কৌশলে বাসায় প্রবেশ করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণ-রূপার অলংকার ও সিসি ক্যামেরার ডিভিআরসহ আনুমানিক ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় চুরির মামলা রুজু হয়। মামলার তদন্তকালে ঘটনাস্থলের পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে ঘটনার দিন বাড়ির ড্রাইভার হোসেন (৪২)-কে পরিবারের সদস্যদের অগোচরে বাড়িতে প্রবেশ ও কিছুক্ষণ পর বের হয়ে যেতে দেখা যায়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই পলাশ বাউন এর নেতৃত্বে এসআই মিলন ফকিরসহ একটি চৌকস দল অভিযান চালায়।
অভিযানে গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় শিকদার বাজার এলাকা থেকে আসামি হোসেন (৪২), পিতা- কালাম, সাং- চাপাতলী, শেরপুর সদরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে ফতুল্লার চানমারি এলাকায় ভাড়া থাকতো। তার হেফাজত থেকে চুরি যাওয়া ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণ ও ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধার ও ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
আজকের প্রতিবেদন