(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের স্কুল পালানোর মনোভাব দূর করতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এখন থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দুইবার হাজিরা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
উল্লেখ্য, গত দুই দিন আগে স্কুল পালিয়ে কাশবনে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যু হয় ৩ স্কুল শিক্ষার্থীর। নিহতরা হলো- মোগরাপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আশিকিন, আরেফিন ও আবির। বাল্কহেডের ধাক্কায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। এই হৃদয়বিদারক ঘটনার পরই এই নির্দেশনা জারি করলো প্রশাসন।
নির্দেশনায় যা বলা হয়েছে:
> ১. প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে এবং টিফিনের পর দ্বিতীয়বার হাজিরা নিশ্চিত করতে হবে।
> ২. কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকলে বা স্কুল থেকে পালালে তাৎক্ষণিকভাবে অভিভাবককে অবহিত করতে হবে।
> ৩. স্কুল চলাকালীন প্রধান ফটক বন্ধ রাখতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, "শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতেই এই সিদ্ধান্ত। আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক।"
এই নির্দেশনাকে অভিভাবক মহল সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
আজকের প্রতিবেদন