সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় অনুমোদন ছাড়াই চুনা ফ্যাক্টরি পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি উপেক্ষা করে ওই এলাকায় চুনা তৈরির কার্যক্রম চালিয়ে আসছে একটি চক্র। তিতাস কর্তৃপক্ষ এসব ফ্যাক্টরির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও নানা কৌশলে পুনরায় চালু করা হচ্ছে।
এলাকাবাসী আরও জানান, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর আগে এই এলাকায় অবৈধ চুনা ফ্যাক্টরি বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা উপেক্ষা করে পুনরায় কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানাটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় সরকারি অনুমতি রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হোক। জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানার ধোঁয়া ও বর্জ্যে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত ব্যবসায়ী মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
আজকের প্রতিবেদন