সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় মারজিয়া (১৯) নামের এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মারজিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার নোয়াপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে। তিনি স্বামী আশরাফুলকে নিয়ে সোনারগাঁ পৌরসভার পুরান টিপুরদী এলাকায় রফিকুল ইসলামের ভাড়া বাসায় থাকতেন।
রবিবার ১৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ভাড়া বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারজিয়া স্থানীয় কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতো। দুই দিন আগে বিকাশের টাকা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
নিহতের স্বামী আশরাফুল জানান, রাতে বাসায় ফিরে দরজা-জানালা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার এসআই মোঃ মিন্টু মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.