সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিকাহ রেজিস্ট্রার (কাজী) মো. বেলায়েত হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কালারদরগাহ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
জামায়াত নেতাদের অভিযোগ, পতিত ফ্যাসিস্টদের দলীয় ক্যাডার সোহাগ রনির বোনজামাই মামুনসহ কয়েকজন সন্ত্রাসী কাজী বেলায়েত হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
এক যৌথ বিবৃতিতে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. মাসুদুর রহমান ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, একজন সজ্জন ব্যক্তির ওপর এ ধরনের হামলার নিন্দা জানানোর ভাষা নেই। পতিত স্বৈরাচারের দোসররা একদিকে নাশকতার চেষ্টা করছে, অন্যদিকে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং প্রকাশ্য দিবালোকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.