সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 'ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬' এর অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় উপজেলার বৈদ্যেরবাজার সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
এ সময় নদী থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, "জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং মা ইলিশের প্রজনন নিশ্চিতকরণে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান চলছে। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.