সোনারগাঁও, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ৭ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাসেল আহমেদ ভূঁইয়ার নির্দেশনায় এবং আবাসিক মেডিকেল অফিসার ডা: মোস্তাফিজুর রহমান দিগন্তের তত্ত্বাবধানে বুধবার ৯ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম চলমান রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই ৭ দিনে হাসপাতালের ওয়ার্ড, অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, বহির্বিভাগ, টয়লেট ও আঙিনাসহ পুরো হাসপাতাল এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এর পাশাপাশি মশা নিধন, ময়লা-আবর্জনা অপসারণ ও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
ডা: রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, "রোগী ও সেবাগ্রহীতাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সংক্রমণ প্রতিরোধে এই পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। হাসপাতালকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।"