সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৩১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৭৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি কবির হোসেন (৬০) কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় যৌথ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১ এবং এসআরবি-১৫ (কক্সবাজার)-এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত কবির হোসেন ওই হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।
গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টায় সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত জহির ফকির (৪৫) আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সেদিন তিনি চর কিশোরগঞ্জে তার নিজস্ব ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে। দুর্বৃত্তরা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকে এসআরবি-১১ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে গোপন গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।










