
সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের ১০টি গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আল-মানার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল-মানার ঈদগাহ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাজী আঃ মোতালেবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারীক।
এতে বিশেষ অতিথি ও বক্তব্য প্রদানকারী হিসেবে আরও উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল মেম্বার, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি-র সহ-সভাপতি হাসেম প্রধান ও সামসু মিয়া, সাবেক ছাত্রদল নেতা ও ইউনিয়ন বিএনপি-র সহ-সভাপতি গাজী আওলাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ওসি আব্দুল বারীক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পুরো পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলার ওপর পড়ে।” মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, এলাকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের প্রত্যেক সচেতন মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের চলমান অভিযানে সহযোগিতার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, “মাদকমুক্ত সমাজই আমাদের নিরাপদ ভবিষ্যতের ভিত্তি।” সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার জন্য অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
সমাবেশে ১০টি গ্রামের মানুষ মাদকবিরোধী এ সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখা এবং তরুণ সমাজকে শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টারের নাম 
















